চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার বিনিয়াছড়া বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঢাকার ডিএমপি জেলার উত্তর খান থানার আটি পড়া এলাকার শহীদ ভুইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) ও একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়াছড়ার বাবুর্চির বাড়ির সামনে কক্সবাজারগামী সবুজ পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল ও ট্রাককে পিছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতদের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।’



