জ্বালানী তেলের দাম বৃদ্ধিজনিত কারণে দেশব্যাপী বাস ভাড়া সমন্বয় করেছে সরকার। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে নতুন বাস ভাড়ার সিদ্ধান্ত কার্যকর হলেও সিলেট অঞ্চলের সকল রুটে এখনো পুরনো ভাড়াতেই চলছে যাত্রী পরিবহন।
এদিকে আগামীকাল রোববার (২৬ এপ্রিল) থেকে নতুন ভাড়া কার্যকর হতে পারে বলে জানিয়েছেন সিলেটের পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গত বুধবার (২২ এপ্রিল) দেশের গণপরিবহনে কিলোমিটার প্রতি ১১ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকার ও পরিবহন নেতৃবৃন্দ মিলে এই সিদ্ধান্ত নিয়েছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নতুন ভাড়ার তালিকা হাতে পেলেই আগামী এক-দুই দিনের মধ্যে এটি কার্যকর করা হবে। তবে জ্বালানির দাম বৃদ্ধির তুলনায় ভাড়া বাড়ানো যথেষ্ট হয়নি বলেও তারা মনে করছেন।
সরেজমিনে দেখা গেছে, সিলেট-হবিগঞ্জ, সিলেট-মৌলভীবাজার ও সিলেট-ঢাকা রুটে এখনো ভাড়া বৃদ্ধির কোনো প্রভাব পড়েনি। এসব রুটে যাত্রীদের কাছ থেকে আগের নির্ধারিত ভাড়াই নেয়া হচ্ছে। এতে একদিকে যাত্রীরা স্বস্তি প্রকাশ করলেও, অন্যদিকে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
যাত্রীরা জানান, ভাড়া না বাড়ানো আপাতত তাদের জন্য স্বস্তিদায়ক হলেও বিভিন্ন রুটে ভিন্ন ভিন্ন ভাড়া কার্যকর থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। দ্রুত সারাদেশে একই নিয়মে ভাড়া কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।
সিলেট জেলা বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা জানান, নতুন ভাড়া কার্যকর করার বিষয়ে এখনো স্পষ্ট নির্দেশনা ও তদারকি না থাকায় আপাতত এ রুটে পুরনো ভাড়াতেই চলাচল অব্যাহত রয়েছে। বিআরটিএ থেকে ভাড়ার তালিকা পাওয়ার পর আগামী এক-দুই দিনের মধ্যেই নতুন ভাড়া কার্যকর করা হবে।
তবে জ্বালানি তেলের দাম যে হারে বেড়েছে, তার সাথে সামঞ্জস্য রেখে ভাড়া সমন্বয় করা হয়নি বলে মন্তব্য করেন তারা। মালিকপক্ষের দাবি ছিল কিলোমিটার প্রতি ২৮ পয়সা ভাড়া বাড়ানোর। সে অনুযায়ী প্রস্তাবও দেয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হওয়ায় পরিবহন মালিকদের ক্ষতির মুখে পড়তে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর কদমতলী বাস টার্মিনালের এনা বাস কাউন্টারের জিএম গোলাম মোস্তফা জানান, সিলেট-ঢাকা রুটে এখন পর্যন্ত আগের ভাড়া ৬৭০ টাকায় যাত্রী পরিবহন হচ্ছে। নতুন ভাড়া কার্যকরের গেজেট এখনো পাওয়া যায়নি। তবে জেনেছি আগামীকাল রোববার নাগাদ নতুন ভাড়া কার্যকরের নির্দেশনা আসতে পারে।
সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, কেন্দ্রীয়ভাবে ভাড়া সমন্বয়ের একটি সিদ্ধান্ত হয়েছে। তবে সিলেটে এখনো কার্যকর হয়নি। দুরপাল্লার পাশাপাশি আন্তঃজেলা রুটে ভাড়া সমন্বয় নিয়ে এখনো পর্যালোচনা চলছে। ভাড়া নিয়ে বিআরটিএ, বাস মালিক সমিতি ও পরিবহন সংগঠনের সাথে আলাপ আলোচনা চলছে। আশা করছি রোববার থেকে নতুন ভাড়া কার্যকর করা হতে পারে।



