প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালেই নেয়া হবে পুলিশি ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

‘গতবার আমরা ছাড় দিয়েছি। এবার কিন্তু ছাড় দেবো না। যে বা যারাই প্রশ্নফাঁস নিয়ে বিরূপ মন্তব্য করবেন, তাকেই পুলিশ আটকাবে।’

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী |নয়া দিগন্ত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে এবং তা নিয়ে বিরূপ মন্তব্য করলেই তাকে পুলিশ আটক করবে।’

শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমি অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর ও রংপুর বিভাগের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসির প্রশ্নফাঁস নিয়ে একটা মিডিয়া নিউজ করল। তারা সেই নিউজ সরিয়েও নিলো। কিন্তু তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু রাজনীতিবিদ অনলাইনে এসে কিভাবে কিভাবে প্রশ্নফাঁস হয়েছে, তা দেখানোর চেষ্টা করল। অথচ প্রমাণ হয়েছে এ প্রশ্নপত্র ফাঁস হয়নি।’

তিনি বলেন, ‘গতবার আমরা ছাড় দিয়েছি। এবার কিন্তু ছাড় দেবো না। যে বা যারাই প্রশ্নফাঁস নিয়ে বিরূপ মন্তব্য করবেন, তাকেই পুলিশ আটকাবে। কারণ তাকে তো আগে পুলিশ কাস্টডিতে নিতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। তার কাছ থেকে তথ্য নেয়া হবে, তাকে তথ্য দিতেই হবে।’

সভার শুরুতেই শিক্ষামন্ত্রী বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফল বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের মতামত শোনেন।