চকরিয়া উপজেলার মাতামুহুরি নদী, ছড়া খলসহ বিভিন্ন পয়েন্টে দীর্ঘ সময় ধরে কতিপয় প্রভাবশালী সিন্ডিকেট রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে বিস্তীর্ণ এলাকা থেকে শ্যালো ও ড্রেজার মেশিন বসিয়ে দাপটের সাথে অবৈধভাবে উত্তোলন করে আসছিল। অবৈধ বালু উত্তোলন, পরিবহন ও বিক্রি বন্ধে জনস্বার্থে চকরিয়া থানার পুলিশ কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনা পেয়ে মাঠে নেমেছে।
শনিবার (১৮ এপ্রিল) ২৪ ঘণ্টা ধরে লক্ষ্যারচর ও কৈয়ারবিল ইউনিয়নে পুলিশ এ অভিযান চালায়।
সরকার পরিবর্তনের পরে ও আগে মাতামুহুরী নদী, শাখা নদী ও ছড়াখালের বিস্তীর্ণ এলাকা জুড়ে অন্তত ৪০টি পয়েন্টে ড্রেজার ও শ্যালো শুষ্ক মৌসুমে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি সঙ্ঘবদ্ধ সিন্ডিকেট। যার ফলে এলাকার গ্রামীণ সড়ক, কৃষি জমি ও নদীর কূলের ভাঙন সহ পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিল।
উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসলেও তা বন্ধ করা সম্ভব হয়নি। তা বন্ধে এবার সরাসরি মাঠে নেমেছে চকরিয়া থানার পুলিশ।
কক্সবাজার জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের নির্দেশনা পেয়ে চকরিয়া থানা পুলিশ অবৈধ বালু উত্তোলন, বিক্রি ও পরিবহন বন্ধে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। গত শনিবার ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে লক্ষ্যারচর ও কৈয়ারবিলসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের প্রাথমিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন জানান, মাতামুহুরী নদীর তীরের বিভিন্ন পয়েন্টে থেকে সরকারি অনুমতি ছাড়া অবৈধভাবে এ বালু খেকো সিন্ডিকেট দীর্ঘদিন ধরে শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন, কৃষিজমির ক্ষতি, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
বিষয়টি আমলে নিয়ে জেলা পর্যায়ে এ অভিযোগ ওঠায় কক্সবাজার জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান মাতামুহুরী নদীতে পরিবেশবিধ্বংসী এসব কর্মকাণ্ড বন্ধে উদ্যোগ নিতে চকরিয়া থানা পুলিশকে নির্দেশ দেন। তার প্রেক্ষিতে শনিবার বিকেল থেকে মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধ বালু উত্তোলন, পরিবহন ও বিক্রয়ের সাথে জড়িত ব্যক্তিদের সতর্ক করা হয় এবং অবৈধ বালু উত্তোলন নির্দেশনা অমান্য করলে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনসাধারণকে এ ব্যাপারে তথ্য নিশ্চিত করতে অনুরোধ জানান।



