কুমিল্লার নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশি মদ ও আট কেজি গাঁজাসহ সাত মাদককারবারিকে আটক করেছে নাঙ্গলকোট থানা পুলিশ।
সোমবার (১৮ মে) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের তিনটি পৃথক অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। তিন মামলায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের আবুল কালামের ছেলে রিয়াদ হোসেন মুন্না (২৪), একই গ্রামের মমতাজ মিয়ার ছেলে কাউছার (২৯), পেচাই মুড়ি গ্রামের নয়ন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬), একই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে সোহাগ উদ্দিন (২৬), রামরায় গ্রামের আব্দুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (২৭), বাসন্ডা গ্রামের মরহুম আলাউদ্দিনের ছেলে হৃদয় (২৬) ও নেত্রকোনা জেলার আটপাড়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মো: হিফজুর রহমান (৩২)।
জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের মাদক ব্যবসায়ী মীর কাশেমকে এলাকাবাসী ধাওয়া করলে তার বাড়ির সামনে মাদক রেখে সে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর তথ্যে পুলিশ ওই এলাকা থেকে ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে। পেরিয়া ইউনিয়নের মঘুয়া বাজারের পশ্চিমে এসআই কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৭ বোতল বিদেশি মদ, ১৩ ক্যান বিয়ার ও একটি সিএনজি জব্দ করা হয়। এসময় চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। অপরদিকে পেরিয়া ইউনিয়নের মুন্সি কলমিয়া গ্রামের ভুট্টোর হালিম দোকানের সামনে এসআই অঞ্জনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) অরিফুর রহমান জানান, মাদককারবারিদের অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক তিনটি মামলা করা হয়েছে।



