নোয়াখালীতে গণসংযোগে বাধা, নারীদের হেনস্থার অভিযোগ

রাতে নোয়াখালী জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা এ অভিযোগ করেন।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

নোয়াখালীতে গণসংযোগে হামলা, বাধা, অপপ্রচার, নারীদের হেনেস্থা এবং ভোটারদের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালী জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা এ অভিযোগ করেন।

জেলা জামায়াতের আমির ও জাতীয় সংসদের নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইসহাক খন্দকার অভিযোগ করেন, ‘নারীরা গণসংযোগে গেলে তাদের বাধা ও হেনস্থা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘একটি দল ক্ষমতার বাহিরে থেকে বেকার ভাতার কার্ড বিতরণ করছে। এ সব বেকার ভাতার ভুয়া কার্ড বিতরণ করে বিভিন্ন অঙ্কের টাকার লোভ দেখিয়ে গ্রামের সহজ সরল ভোটারদের প্রভাবিত করছে। কার্ড দিয়ে আবার বিভিন্ন অঙ্কের টাকাও আদায় করে নিচ্ছে। তারা বলছে, জামায়াতের প্রার্থী এমপি হলে মেয়েদের ঘর থেকে বের হতে দেবে না, হিন্দু নারীরা চাকুরিতে যেতে পারবে না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘জামায়াত সমর্থিত ভোটাদের ভোট কেন্দ্রে না যেতে হুমকি দেয়া হচ্ছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি।’

নেতারা বলেন, এভাবে চলতে থাকলে সুষ্ট নির্বাচন কোনো ভাবে সম্ভব হবে না।

এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির সোনাইমুড়ী বারগাঁও ইউপির চেয়ারম্যান মাওলানা সাইয়েদ আহামেদ, জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোয়াখালী-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।

সম্মেলন পরিচালনা করেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক ডা: বোরহান উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতে আমির নেতা মাওলানা ইউসুফ।