লোহাগড়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে রাজিবকে সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
হত্যা মামলার প্রধান আসামি রাজিব শেখ
হত্যা মামলার প্রধান আসামি রাজিব শেখ |নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়ায় নির্মাণ শ্রমিক আলিনুর ফকির হত্যা মামলার প্রধান আসামি রাজিব শেখকে (৪৫) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। এ নিয়ে মামলার দু’জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প এবং র‍্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের যৌথ অভিযানে চালিয়ে রাজিবকে গ্রেফতার করে। র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রাজিব লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদ ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর এবং র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের যৌথ অভিযানে লোহাগড়ার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি রাজিবকে সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার দিবাগত রাতে ফরিদপুর জেলার বোয়ালমারীর হাসামদিয়া গ্রামে অভিযান চালিয়ে মামলার দুই নাম্বার এজাহারনামীয় আসামি রহমান শেখকে গ্রেফতার করে র‍্যাব-৬।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘গ্রেফতার আসামি রাজিবকে সাতক্ষীরা থেকে লোহাগড়া থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

উল্লেখ্য, গত রোববার রাত ১০টার দিকে লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের প্রাইমারি স্কুলের পাশে পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে রাজিবসহ তার সহযোগীরা ছুরি দিয়ে নির্মাণ শ্রমিক আলিনুরকে হত্যা করে পালিয়ে যায়। পরে সোমবার রাতে নিহতের ভাই আমিনুর ফকির রাজিবকে প্রধান আসামি করে ও ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে সাতজনের নামে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন।