প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন শনিবার, সকল প্রস্তুতি সম্পন্ন

‘চাঁদপুরে ২০০-২৫০ একর জমিতে ইপিজেড তৈরি করা সম্ভব। আমাদের দাবি থাকবে প্রধানমন্ত্রী এটি করে দিবেন। এটি বাস্তবায়ন হলে জেলার কমপক্ষে দেড় লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি চাঁদপুরসহ আশপাশের জেলাগুলো অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হবে।’

ইলিয়াছ পাটওয়ারী, চাঁদপুর

Location :

Chandpur
প্রেস ব্রিফিং করছেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক, (ডানে) সভাস্থল পরিদর্শনে নেতাকর্মীরা
প্রেস ব্রিফিং করছেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক, (ডানে) সভাস্থল পরিদর্শনে নেতাকর্মীরা |নয়া দিগন্ত

চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। সভাস্থল পরিদর্শন, নিরাপত্তা জোরদার, সড়কের সৌন্দর্যবর্ধন ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রশাসনের বিভিন্ন দফতর ইতোমধ্যে মাঠে নেমেছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শনিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পরে দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তারেক রহমান। এরপর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সবশেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে সভাস্থলসহ আশপাশের এলাকায় চলছে জোর প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কুমিল্লা-চাঁদপুর সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। মহাসড়কের বিভাজক, সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন রঙের প্রলেপ দেয়া হচ্ছে। পাশাপাশি সভাস্থল ঘিরে প্যান্ডেল নির্মাণ, মঞ্চ প্রস্তুত ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শুক্রবার (১৫ মে) সকাল ১১টার দিকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, ‘চাঁদপুরে ২০০-২৫০ একর জমিতে ইপিজেড তৈরি করা সম্ভব। আমাদের দাবি থাকবে প্রধানমন্ত্রী এটি করে দিবেন। এটি বাস্তবায়ন হলে জেলার কমপক্ষে দেড় লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি চাঁদপুরসহ আশপাশের জেলাগুলো অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হবে।’

তিনি আরো বলেন, ‘কিছু ফ্যাসিবাদী লোক অর্থনৈতিক জোন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। তাদের অবগতির জন্য বলছি অর্থনৈতিক জোন অনুমোদিত, এটির কাজ চলমান থাকবে। পাশাপাশি ইপিজেড স্থাপন করাও আমাদের দাবি। প্রধানমন্ত্রী চাঁদপুরে আসবেন এতে জেলার জনগণ ও নেতাকর্মীরা উজ্জীবিত। সকলে অধির আগ্রহে অপেক্ষা করছেন উনার বক্তব্য শোনার জন্য। প্রধানমন্ত্রীর এই আগমন আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। গণমাধ্যমে প্রচার হলে প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।’

ইতোমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি, চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার (এসপি) মো: রবিউল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরাও মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছেন।

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর চাঁদপুরে প্রধানমন্ত্রীর এটি প্রথম সফর। সফরকালে তিনি জেলার দু’টি খাল খনন কাজের উদ্বোধন করবেন। একইসাথে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এর মাধ্যমে চাঁদপুর সদর উপজেলায় প্রথমবারের মতো ৩৭০ জন ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবেন। পাশাপাশি এক‌ইদিনে আরো চারটি জেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম বলেন, ‘চাঁদপুরে নির্ধারিত কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।’

সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা একাধিকবার সভাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন।