ধুনট (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার ধুনটে ট্রাকের চাপায় সোহেল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা রাব্বি নামের (১৪) এক কিশোর গুরুতর আহত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ভোরে ধুনট-শেরপুর সড়কের বুথবাড়ি গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল শেরপুর উপজেলার শেরুয়া বটতলা মুন্সিপাড়া এলাকার মরহুম বাবু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল ধুনট উপজেলার রাঙ্গামাটি এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে ভোরে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। বুথবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। গুরুতর আহত হন রাব্বি।
দুর্ঘটনার পর স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
থানার সেকেন্ড অফিসার (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।



