পূর্ব শত্রুতার জেরে হাসপাতালে মারামারি, আটক ১

পূর্ব শত্রুতার জেরে হাসপাতালের ভেতর দুইজন মারামারি শুরু করেন। এতে হাসপাতালের থাইগ্লাস ভেঙে যায় ও একজন গুরুতর আহত হন।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
আটক ফারুক ফকির
আটক ফারুক ফকির |নয়া দিগন্ত

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হাসপাতালের ভেতর মারামারির ঘটনা ঘটেছে। এ সময় কাওসার বেপারী (২৫) নামে এক যুবক গুরুতর আহত হন। এ ঘটনায় অভিযুক্ত ফারুক ফকিরকে (৫৫) আটক করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬ষ্ঠ তলার মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত কাওসার সদর উপজেলার সৈয়দারবালী এলাকার শাহালম বেপারীর ছেলে। আটক ফারুক সদর উপজেলার টুবিয়া এলাকার নুরুল হক ফকিরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জেরে দুইমাস আগে সদর উপজেলার সৈয়দারবালী এলাকার মান্নান মোল্লার ছেলে শাহীন মোল্লাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ ফারুক ও তার লোকজন। এ ঘটনায় মামলা চলমান রয়েছে।

দুপুরে শাহীনের শ্যালক কাওসার হাসপাতালে ফারুককে একা পেয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে ওয়ার্ডের থাইগ্লাস ভেঙ্গে যায়। ভেঙ্গে যাওয়া থাইগ্লাসের টুকরা দিয়ে কাওসারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে। কাওসারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ফারুককে আটক করে পুলিশে দেয়। গুরুতর অবস্থায় কাওসারকে ওই হাসাপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থায় অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান চিকিৎসকরা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, হাসপাতালে মারামারির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।