মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ লক্ষ্যে ১২ জুলাই থেকে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (১২ জুলাই) নগরীর বিভিন্ন স্থানে একযোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১২টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
এ সময় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতাই মাদক প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।’
তিনি উপস্থিত সকলকে নিজ নিজ পরিবার, প্রতিবেশী ও সমাজের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘কোথাও মাদক সেবন, বিক্রি বা মাদক-সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে এসএমপির নিজস্ব ‘জিনিয়া’ অ্যাপ, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, নিকটস্থ টহল পুলিশ, হটলাইন নম্বর অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অবহিত করতে হবে। সম্মিলিতভাবে মাদক নির্মূল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’
এদিকে দিনব্যাপী কর্মসূচির আওতায় দুপুর ১২টায় কোতোয়ালী মডেল থানার উদ্যোগে চৌহাট্টা পয়েন্টে, বিকেল ৩টায় জালালাবাদ থানার উদ্যোগে ৮নম্বর ওয়ার্ডের পাঠানটুলায়, সাড়ে ৩টায় হাউজিং এস্টেট মসজিদের সামনে এয়ারপোর্ট থানার উদ্যোগে এবং বিকেল ৩টায় শিবগঞ্জ পয়েন্টে শাহপরান থানার উদ্যোগে পৃথক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৃথক সমাবেশে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, তরুণ প্রজন্মকে সচেতন করা এবং একটি মাদকমুক্ত সিলেট গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আজ আনুষ্ঠানিকভাবে মাদকবিরোধী র্যালি ও সমাবেশের উদ্বোধন হয়েছে।
আগামী এক মাস ধারাবাহিকভাবে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী র্যালি, সমাবেশ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। এতে জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।



