সৌদিতে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীর এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আলমগীর হোসেন (৩০)।

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
নিহত আলমগীর হোসেন
নিহত আলমগীর হোসেন |নয়া দিগন্ত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীর এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আলমগীর হোসেন (৩০)।

শনিবার (১৮ এপ্রিল) সৌদির রিয়াদ শহরে দেশটির স্থানীয় সময় সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর কটিয়াদীর করগাঁও ইউনিয়নের বাট্টা গ্রামের কৃষক মো: রমজান আলীর ছেলে।

জানা গেছে, সৌদি আরবে পরিচ্ছন্নতার কাজ করতেন আলমগীর হোসেন। প্রতিদিনের মতো সড়ক পরিচ্ছন্নতার কাজ করছিলেন তিনি। হঠাৎ করে পেছন দিক থেকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি সৌদিতে কর্মরত একই এলাকার সহকর্মীরা মুঠোফোনে তার পরিবারকে জানান।

পরিবারের সদস্যরা জানায়, আলমগীর দুই বছর আগে বিয়ে করেন। সংসারের সচ্ছলতার জন্য তিনি ১৩ থেকে ১৪ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান।

নিহতের স্ত্রী জেসমিন আক্তার এবং বাবা রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পর থেকে আমরা শোকে কাতর। একটাই চাওয়া- সন্তানের লাশ যেন সরকার দ্রুত দেশে নিয়ে আসে। এছাড়াও আমাদের দরিদ্র পরিবারের পাশে যেন দাঁড়ায়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম বলেন, ‘সরকারের অর্থে লাশ আনতে পরিবারের পক্ষ থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করতে হবে। এছাড়াও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নিহতের পরিবারকে সর্বোচ্চ সহায়তা ও সমর্থন দেয়া হয়।’