অধ্যাপক মুজিবুর রহমান

সরকারি দল ও বিরোধী দল পরস্পর শত্রু নয় বরং সহায়ক

‘সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিশেষ করে নরসিংদীতে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ করে হত্যা, রামপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণ সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
বক্তব্য রাখছেন জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান
বক্তব্য রাখছেন জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সরকারি দল ও বিরোধী দল পরস্পর শত্রু নয় বরং সহায়ক। দেশের উন্নয়নে সরকারি দল ভুল করলে বিরোধী দল সেটা ধরিয়ে দিবে এবং সরকার তা সংশোধন করে নিবে। তবেই দেশে গণতন্ত্র সুসংহত হবে। দেশের স্থিতিশীলতা না এলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। এটা আমরা কেউ চাই না।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি) ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত রমজানের তাৎপর্যশীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘প্রকৌশলীরা দেশের মেধাবী জনগোষ্ঠীর অন্যতম। তারা যদি সত্যের পথে থাকে, আল্লাহকে ভয় করে তাহলে দেশে ঘুষ, দুর্নীতি অনেকাংশেই কমে আসবে। আমাদের দেশকে সাজাতে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিশেষ করে নরসিংদীতে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ করে হত্যা, রামপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণ সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

তিনি আরো বলেন, ‘সরকার যদি অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারে তাহলে দায়িত্ব ছেড়ে দিক। আমরা সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছি। বিরোধীদলকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। বিরোধী দল হিসেবে আমরা আপনাদের সাহায্য করতে চাই। কিন্তু আমাদের এই সহায়তার প্রস্তাবকে দুর্বলতা ভাববেন না। আমাদের আন্দোলন সংসদ ও রাজপথ উভয় জায়গায় চলবে।’

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান বলেন, ‘দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ প্রকৌশলীদের একইসাথে দক্ষ ও সৎ হিসেবে গড়ে তুলে জাতির খেদমতে নিরলস কাজ করে যাচ্ছে।’

ফোরামের ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি প্রকৌশলী মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান শাহিদের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও সংসদ সদস্য ড. মু. শফিকুল ইসলাম মাসুদ, এফইএবির কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, ফোরামের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিক, এলজিইডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুরুল হুদা, মহানগরী দক্ষিণের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো: নজরুল ইসলাম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার যুবায়ের আহমদ, আইইবির সেন্ট্রাল কাউন্সিল মেম্বার আতিকুর রহমান, আইইবির ইলেকট্রিক্যাল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মনিরুল মাওলা প্রমুখ।