ফেনীতে নদী দখল করে যুবদল নেতার মাছের খামার, তিনটি এস্কেভেটর জব্দ

ফেনীর সোনাগাজীতে অবৈধভাবে সরকারি খাস জমি ও নদীর পাড় দখল করে মাছের খামার করতে পুকুর খননের অভিযোগে স্থানীয় যুবদল নেতা এনামুল হক শাহীনের তিনটি এস্কেভেটর জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
সোনাগাজী মডেল থানা, ফেনী
সোনাগাজী মডেল থানা, ফেনী |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে অবৈধভাবে সরকারি খাস জমি ও নদীর পাড় দখল করে মাছের খামার করতে পুকুর খননের অভিযোগে স্থানীয় যুবদল নেতা এনামুল হক শাহীনের তিনটি এস্কেভেটর জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে সেগুলো অকেজো করে দেয়া হয়েছে। শাহীন উপজেলার আমিরাবাদ ইউনিয়ন যুবদলের সদস্য।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) মো: ইউসুফ মিয়া।

রিগ্যান চাকমা বলেন, বেশ কিছুদিন ধরে এনামুল হক শাহীন নামে একব্যক্তি সরকার দলীয় নেতাদের নাম ভাঙিয়ে মুহুরী নদীর কলমির চর ও আশপাশের এলাকায় এস্কাভেটর (খননযন্ত্র) দিয়ে সরকারি খাস জমি ও নদীর পাড় থেকে মাটি কেটে মাছের খামার তৈরি করছেন।

স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় সরকারি খাস ও নদী রক্ষায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পুকুর খননের কাজে নিয়োজিত এস্কাভেটর চালকরা খননযন্ত্র রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিন এস্কাভেটর জব্দ করা করে ধ্বংস করা হয়েছে। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

এবিষয়ে কথা বলতে যুবদল নেতা এনামুল হক শাহীনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। এমনকি উপজেলা যুবদলের কোন নেতাও শাহীনের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় কয়েকজন বলেন, ২০২৪সালের ৫ আগষ্টের পর থেকে যুবদল নেতা এনামুল হক শাহীন ও তার বড় ভাই আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সজল হক সোহেল উপজেলার সোনাপুর থেকে মুহুরী প্রকল্প এলাকায় ত্রাসের রাজত্ব কায়েক করছেন। কোনো কারণ ছাড়াই প্রতিনিয়ত তাদের হাতে নির্যাতন ও অপমানে শিকার হচ্ছেন স্থানীয়রা। এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, দখল বাণিজ্যসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছে এনামুল হক শাহীন ও তার সহযোগীরা।

মুহুরী প্রকল্প এলাকায় শত শত একর জোর করে ব্যক্তির মালিকানা, সরকারি খাস জমি ও নদীর পাড় দখল করে বেশ কয়েকটি মাছের খামার করেছে। তাদের ভয়ে এলাকায় কেউ প্রতিবাদ করাতো দূরের কথা মুখ খুলতেও সাহস পায় না। তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে স্থানীয়রা জোর দাবি জানান।

সোনাগাজী মডেল থানার ওসি মো: কামরুল ইসলাম বলেন, ‘এনামুল হক শাহীনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় পাঁচ-ছয়টি মামলাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’