চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইয়াবা ও গাঁজাসহ ৩ জনকে গ্রেফতারের পর সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার রাতে দামুড়হুদা মডেল থানাধীন বেগোপাড়া গ্রামের একটি বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই মো: শামসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে নামে।
গোপন সংবাদের ভিত্তিতে বেগোপাড়া গ্রামের সোহান আলীর বাড়িতে অভিযান চালিয়ে সোহান আলী (২৭), মো: মহাসিন আলী (৩৫) ও মো: শরিফুল ইসলামকে (৩০) আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা ও ১ পুরিয়া (১ গ্রাম) গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
পরবর্তীতে আসামিদের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে উপস্থাপন করা হয়। আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে আসামি সোহান আলী ও শরিফুল ইসলামকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় অপর আসামি মহাসিন আলীকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেন আদালত।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।



