ক্ষমতায় গেলে নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিত করবে বিএনপি : রহমাতুল্লাহ

‘প্রতিটি নাগরিকের সকল চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে সাধারণ মানুষ তার সাংবিধানিক অধিকার অনুযায়ী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে রহমাতুল্লাহ
বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে রহমাতুল্লাহ |নয়া দিগন্ত

ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা কার্ড দিয়ে রাষ্ট্রীয়ভাবে সকল নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

তিনি বলেন, ‘প্রতিটি নাগরিকের সকল চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে সাধারণ মানুষ তার সাংবিধানিক অধিকার অনুযায়ী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছে।’

বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডস্থ দলিল উদ্দিন খান হাই স্কুলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রহমাতুল্লাহ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে ৩১ দফার আলোকে যে রাষ্ট্র গঠন করতে চেয়েছেন সেই রাষ্ট্রের প্রতিটি নাগরিক স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করবে। বিনামূল্যে চিকিৎসা পাওয়া কোনো করুণা নয়। এটা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচিত সরকারের বিকল্প অন্য কোনো সরকার হতে পারে না। জনগণ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আগামীতে দেশের প্রতিটি নাগরিককে খাদ্য ও সুচিকিৎসার চ্যালেঞ্জে জয়ী হতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।’

এ মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন ডা: রেদওয়ান তাসিন সীমান্ত, ডা: ফয়সাল খান, ডা: মাইনুল ইসলাম মহিম, ডা: তৌফিক ইলাহী আহাদ, ডা: রাকিবুল হাসান সুজন।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির মাহাবুব, জামাল, সামীম রিপন, রুবেল, হাবিব,রানা, ফিরোজ, জেলা ছাত্রদলের স্বর্ণা ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ, ছাত্রদল নেতা মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

এদিকে, এদিন বিকেল ও সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ১৮টি পূজামন্ডপ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা রহমাতুল্লাহ।