ফেনীর সোনাগাজীতে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সোনাগাজী পৌরশহরের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মো: সজিব (২২) ও মো: আরাফাত (২১)। তারা সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে একজন শ্রমিক ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে অপর শ্রমিকও নিচে নামেন। পরে দু’জনই অচেতন হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে তারা মারা গেছেন বলে নিশ্চিত করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



