সিলেটের কানাইঘাটে জামায়াত নেতা ব্যবসায়ী শিহাব উদ্দিন (৪৫) হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি শিব্বির আহমদ ও কামাল আহমদকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল আউয়াল জানান, এদের মধ্যে শিব্বিরকে ফরিদপুর জেলা ও কামালকে সিলেট নগরীর শিবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
তিনি দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘গ্রেফতার হওয়া দু’ আসামি আদালতে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাই তাদের রিমান্ড আবেদন জানানো হয়নি। আদালতের নির্দেশে তাদেরকে আজই কারাগারে পাঠানো হয়েছে।’
ওসি আরো জানান, শিহাব হত্যার পর এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা কানাইঘাটের বাইরে গিয়ে গা ঢাকা দেয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২৭ মে রাতে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালোপার গ্রামে জামায়াত নেতা শিহাব উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি স'মিলের পাশে ইট আনলোড করার সময় চার-পাঁচজন দুর্বৃত্ত তার ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন । ঘটনার পর দিন নিহতের স্ত্রী হেপী বেগম পাঁচজনের নাম উল্লেখসহ আরো চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
নাম উল্লেখিত আসামিরা হলেন খালোপার গ্রামের ইসলাম উদ্দিনের (বগলাই) ছেলে শিব্বির আহমদ (২৭), মো: শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩), কামাল আহমদ (৩৯) এবং মরহুম আনফর আলীর ছেলে লুৎফুর রহমান (৪৮) ।
হত্যার পেছনে ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বের ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
এদিকে, হত্যার প্রতিবাদে জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সর্বশেষ ৪ জুন উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ঈদের আগে আসামিদের গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন।



