বন্দরে বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা

বন্দরের ২১ নম্বর ওয়ার্ডের সালেহ নগর এলাকায় সিকদার মালেক সাহেবের বাড়ির সামনের পাকা রাস্তায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নিহত মুজাহিদুল ইসলাম বুলবুল
নিহত মুজাহিদুল ইসলাম বুলবুল |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের বন্দরে মুজাহিদুল ইসলাম বুলবুল (৪০) নামে বৈষম্যবিরোধী মামলার এক বাদীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বন্দরের ২১ নম্বর ওয়ার্ডের সালেহ নগর এলাকায় সিকদার মালেক সাহেবের বাড়ির সামনের পাকা রাস্তায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

‎নিহত মুজাহিদুল ইসলাম বুলবুল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর থানা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি শাহী মসজিদ ঠাকুরবাড়ি এলাকার মরহুম রাজা মাস্টারের ছেলে।

‎হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আনুমানিক ১০০ থেকে ১৫০ জন স্থানীয় বাসিন্দা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ জনতা মূল অভিযুক্ত শেখ সিফাতের আত্মীয়-স্বজনের বাড়িতে হামলা চালায় এবং সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুনরায় বড় ধরনের সহিংসতা বা রক্তপাতের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সালেহ নগর এলাকায় রাস্তায় একা পেয়ে শেখ সিফাত গ্রুপের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বুলবুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎জানা গেছে, নিহত বুলবুল গত ২০ আগস্ট ২০২৪ তারিখে দায়ের করা একটি বৈষম্যবিরোধী মামলার প্রধান বাদী ছিলেন। উক্ত মামলায় অভিযুক্ত শেখ সিফাত ৬ নম্বর এজাহারনামীয় আসামি।

স্থানীয়দের অভিযোগ, মামলা প্রত্যাহার না করা এবং পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

‎উল্লেখ্য, শেখ সিফাত গ্রুপ দীর্ঘদিন ধরে বন্দরে শাহী মসজিদ ও বউবাজার এলাকায় ছিনতাই, ডাকাতি এবং সশস্ত্র হামলার মতো একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

ইসলামী আন্দোলনের নেতা মাছুম বিল্লাহ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরে মামলা করেন বুলবুল। মামলায় স্থানীয় একটি ‘কিশোর গ্যাং’ এর নেতা শেখ সিফাত ও তার বাহিনীর সদস্যদের আসামি করা হয়।’

এ মামলার জেরেই সালেহনগর এলাকায় সিফাত ও তার বাহিনীর সদস্যরা বুলবুলের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন মাছুম বিল্লাহ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে তারা জানতে পেরেছেন। কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করছেন নিহতের পরিবার। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।