নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে শোয়াইব (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
রোববার (৭ ডিসেম্বর) উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অপরজনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহত শোয়াইব নওগাঁর মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের আলালপুর (ঠাকুর মান্দা) গ্রামের মুকবুল হোসেনের ছেলে ও নিয়ামতপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ছাত্র।
অন্য দুই কলেজছাত্র হলেন মান্দা উপজেলার ছুটিপুর গ্রামের হাসিবুর রহমান ও ঘাগড়া গ্রামের রাকিব।
স্থানীয়রা জানান, রোববার সকাল ১১টার দিকে ওই তিন কলেজছাত্র মোটরসাইকেল নিয়ে নিয়ামতপুর সরকারি কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ামতপুর ডাঙ্গাপাড়া এলাকায় একটি দ্রুতগামী মিনি ট্রাকের (পিকআপ) সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেলটি রাস্তার পাশের তালগাছের সাথে পুনরায় ধাক্কা লাগে।
এ সময় স্থানীয়রা শোয়াইবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানার সিনিয়ার এস আই ও ভারপ্রাপ্ত ওসি মো: রেজাউল ইসলাম দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



