কেন্দুয়ায় অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চোরাই পথে আসা ভারতীয় কম্বলবোঝাই একটি পিকআপ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলার পুরুরার দিকে যাচ্ছিল। পথে কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

আবু বকর ছিদ্দিক, কেন্দুয়া (নেত্রকোনা)

Location :

Kendua Upazilla
দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও পিকআপ
দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও পিকআপ |নয়া দিগন্ত

নেত্রকোনার কেন্দুয়ায় অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিয়াস মিয়া (২৩) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বিল্লাল হোসেন (৩০) নামে এক যাত্রী।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চোরাই পথে আসা ভারতীয় কম্বলবোঝাই একটি পিকআপ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলার পুরুরার দিকে যাচ্ছিল। পথে কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাচালক পিয়াস মিয়া ও যাত্রী বিল্লাল হোসেন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে পিয়াস মিয়া মারা যান। আহত বিল্লাল হোসেনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ পিকআপের চালক চঞ্চল রবিদাস ও হেলপার বাদশা মিয়াকে আটক করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দুয়া থানাধীন সেমই তদন্ত কেন্দ্রের এসআই বাবুল মিয়া বলেন, ঘটনাস্থল থেকে ভারতীয় কম্বলবোঝাই পিকআপ ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।