বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
সরকারি কর্মচারীদের মেরুদণ্ড ও বিবেক আছে তা প্রমাণের সুযোগ এই নির্বাচন বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম মিঞা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে ওই আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, এই নির্বাচন শুধুমাত্র চেয়ার ও দলের পরিবর্তন নয়, আগামীর বাংলাদেশের রূপরেখা। যেই বাংলাদেশে আমি, আপনি, আপনার সন্তান নিরাপদে থাকবে। বিভিন্ন দল নির্বাচনী খেলায় নেমেছে। কেউ জিতবে, কেউ হারবে। আমরা সরকারি কর্মচারীরা সমগ্র বাংলাদেশকে জেতাতে চাই। অন্তর্বতীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটাতে চাই। এক্ষেত্রে কোনো গাফিলতি মেনে নেয়ার সুযোগ নেই। জনগণের সাথে প্রতারণা বা রাষ্ট্রের দায়িত্ব পালনে শৈথিল্য মেনে নেয়ার কোনো সুযোগ নেই। মায়ের বুক খালি করে শহীদ সন্তানের রক্তের ওপর দাঁড়িয়ে এই নির্বাচন। কত ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ তা বুঝতে হবে। এই নির্বাচনে বিন্দুমাত্র গাফিলতি হলে কাউকে ছাড় দেয়া হবে না এবং এর দায় কেউ নেবে না।
চট্টগ্রামের জেলা প্রশাসক আরো বলেন, আমরা এমন একটি নির্বাচন করতে চাই, যা হবে উৎসবমুখর, আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত। আমাদের সরকারি কর্মচারীদের গায়ে অনেক কালি লেগে আছে। এই কালি সরাতে হবে, মুছতে হবে। প্রমাণ করতে হবে, সরকারি কর্মচারীরা শুধু রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নেয় না। তারা রাষ্ট্রের জন্য কিছু করতে পারে। আমরা সেই প্রমাণ দিতে বদ্ধপরিকর। আমাদের সেই সৎ সাহস আছে। আমাদেরও মেরুদণ্ড, বিবেক আছে তা প্রমাণ করতে হবে। সব সীমাবদ্ধতা অতিক্রম করে দেশ ও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে।
তিনি আরো বলেন, আমরা যেহেতু একই এলাকায় বসবাস করি, তাই অনেকের সাথে সম্পর্ক, আত্মীয়তা, ভালোবাসা থাকবে। কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ব্যক্তি ও দলের প্রতি ভালোবাসা দেখানোর সুযোগ নেই। ভালোবাসা দেখাতে হবে রাষ্ট্র ও দায়িত্বের প্রতি। এই নির্বাচনে আমিসহ সবাই মনিটরিংয়ের আওতায় থাকবে। সুতরাং প্রতিটি পদক্ষেপ নিতে হবে চিন্তা করে। এমনভাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে, যেখানেই ঘটনা ঘটুক, পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফোর্স পৌঁছাবে। সুতরাং নিজেদের অসহায় ভাবার কোনো সুযোগ নেই। সর্বোচ্চ দক্ষতা, দায়িত্বশীল আচরণ করে প্রশ্নহীন নির্বাচন করতে হবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জামশেদুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খান, বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন সরকার, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আন্দালিব কবির পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, চট্টগ্রামের আনসার ও ভিডিপি পরিচালক মো: মোস্তাক আহমদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ। এ সময় সেনাবাহিনী মেজর শাথিল, সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন, ওসি খালেদ সাইফুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।



