মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সেরজাবাদ এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—জেলার চরডুমুরিয়া (আউশিপাড়া) গ্রামের মো: জসিম শেখ (৪৩) ও দক্ষিণ বেহারকান্দি গ্রামের নাজিম (২৭)।
মঙ্গলবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম টঙ্গীবাড়ী থানাধীন সেরাজাবাদ গ্রামের সনিবাড়ি মোড়ে রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় জসিম ও নাজিমকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।এ সংক্রান্ত টঙ্গীবাড়ী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেফতার জসিম শেখের বিরুদ্ধে পূর্বেও আটটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
বলে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে আরো জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলম পিপিএম-এর দিক নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।



