ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে লালমনিরহাট সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। একই সাথে সীমান্ত এলাকায় টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
শনিবার (৯ মে) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও গরু চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানবপাচার এবং পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন অবস্থানে রয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু চোরাচালান ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় টহল আরো জোরদার করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।’
তিনি আরো বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময়ে সীমান্ত দিয়ে যেন কেউ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে মাইকিংও করা হচ্ছে।’



