চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ঘুমন্ত অবস্থায় ববিতা খাতুন (২৭) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যার ঘটনায় একই গ্রামের প্রবাসী যুবক রাজন হোসেনের (৩৫) বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নিহত গৃহবধু ডুমুরিয়া দক্ষিণপাড়া গ্রামের কৃষক সানোয়ার হোসেনের মেয়ে। তার মামা আনোয়ার হোসেন ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে প্রবাসী রাজন হোসেনের বিরুদ্ধে জীবননগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামি রাজন হোসেন একই গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি দুই মাস আগে সৌদি থেকে দেশে ফিরে আসেন। ঘটনার পর পরই রাজন আত্মগোপনে চলে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ববিতা খাতুন ছিলেন একাধিক বিবাহিতা নারী এবং দুই সন্তানের জননী। বর্তমানে স্বামী পরিত্যক্তা হওয়ায় তিনি উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে বাবার বাড়িতেই থাকতেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া করে নিজ শোবার ঘরে ঘুমাতে যান ববিতা খাতুন।
গভীর রাতে নিজ ঘর থেকে ববিতা খাতুনের চিৎকার শুনে পরিবারের লোকজন তার ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গৃহবধু ববিতা খাতুন পুলিশের কাছে জবানবন্দি দেন।
তিনি বলে, তাকে প্রবাসী রাজন এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। এ সময় রাজন হোসেনকে তিনি একটি লাথিও মারেন বলে জানান।
জীবননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। সেখানে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃক লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহতের পরিবার ও প্রতিবেশীদের ধারণা, রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে দুর্বৃত্তরা ববিতা খাতুনকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য (মেম্বার) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে প্রবাস ফেরত রাজন হোসেনের বিরুদ্ধে থানায় নিহত ববিতার মামা আনোয়ার হোসেন একটি মামলা দিয়েছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘটনা শোনা মাত্রই পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছে ঘটনার ব্যাপারে খোঁজখবর নেয়। এ ঘটনায় নিহতের মামা থানায় সদ্য প্রবাস ফেরত যুবক রাজন হোসেনের বিরুদ্ধে মামলা দিয়েছেন। অভিযুক্ত রাজন হোসেনকে গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব বলে আশা করা হচ্ছে।



