মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় সাতজন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় সাতজন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা মোড় এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ড্রাইভিং লাইসেন্স না থাকা, হালনাগাদ ট্যাক্স টোকেন না থাকা, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ও একাধিক সহযাত্রী বহনের মাধ্যমে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে এসব চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এসব অপরাধ সড়ক পরিবহন আইন ধারায় শাস্তিযোগ্য।
অভিযানে আইনটির ৬৬ ও ৯২(১) ধারার আওতায় অভিযুক্তদের কাছ থেকে সর্বমোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় চালকদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্স টোকেন সংরক্ষণ এবং নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি হেলমেট ব্যবহারসহ নিরাপদে মোটরসাইকেল চালানোর বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



