কর্ণফুলীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ

যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেসব এলাকায় পানি এখনো নামেনি, সেখানে পর্যায়ক্রমে আরো ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হবে। একইসাথে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
ত্রাণ সহায়তা বিতরণ করা হচ্ছে
ত্রাণ সহায়তা বিতরণ করা হচ্ছে |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের চারবারের নির্বাচিত এমপি সরওয়ার জামান নিজাম। এ সময় পানিবন্দী পরিবারগুলোর মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন এমপি সরওয়ার জামান নিজামের ছেলে শাহাওয়াজ নিজাম সনি। এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম।

এমপি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মাধ্যমে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম বলেন, বৃষ্টির পানিতে প্লাবিত কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখেছি পানিবন্দী থাকা মানুষের কষ্ট সীমাহীন। ভারী বর্ষণে উপজেলার শিকলবাহা, বড়উঠান, চরলক্ষ্যা, জুলধা ও চরপাথরঘাটা ইউনিয়নের মধ্যে অনেক পরিবার অসহায় জীবনযাপন করছেন।

তিনি আরো বলেন, উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। শিকলবাহা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও জুলধা ইউনিয়নের ২০০টি পরিবারের মাঝে ২০ কেজি করে, বড়উঠান ও চরলক্ষ্যা ইউনিয়নে ৪০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে এবং সর্বশেষ চরপাথরঘাটা ইউনিয়নে ৪০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ইউএনও আরো বলেন, যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেসব এলাকায় পানি এখনো নামেনি, সেখানে পর্যায়ক্রমে আরো ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হবে। একইসাথে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রধান অতিথি এমপি সরওয়ার জামান নিজামের ছেলে শাহাওয়াজ নিজাম সনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের হাত থাকে না। ভারী বর্ষণে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যারা অসহায় জীবনযাপন করছেন তাদের পাশে দাঁড়ানোই আমাদের সকলেরই দায়িত্ব। তাদের যতটুকু ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এমপি সাহেবের পক্ষে থেকে এই সহায়তা প্রদান করে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি মাত্র। আগামীতে এ ধরনের দুর্যোগ মোকাবেলায় আমরা আরো সচেতন হবো।

তিনি আরো বলেন, এমপি সরওয়ার জামান নিজাম ব্যস্ততার কারণে আসতে পারেননি। কিন্তু আপনাদের বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে সর্বদা যোগাযোগ রেখেছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন ঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, সেক্রেটারির আবদুল মালেক, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈন উদ্দিন, বিএনপি নেতা ফায়সাল, মির্জা ইসমাইল, শেখ আহমেদ, সেলিম খাঁন, এস এম পেয়ার আলী, ইউনিয়নের সকল মেম্বার ও স্থানীয় এলাকাবাসী।

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ায় এমপি ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।