কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, ‘এরশাদ ও শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ সময় ধরে বিএনপিকে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। গত ১৭ বছরে বিএনপির লক্ষাধিক নেতাকর্মী গুম, খুন, নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন।’
শনিবার (২৫ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি মাঠে থানা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পর আওয়ামী লীগ মানুষকে অনেক আশ্বাস দিয়ে ক্ষমতায় এসেছিল, তারা সেই আশ্বাস পূরণ করতে পারেনি। শেখ মুজিব মানুষের মুখে খাবার দিতে পারেননি। এক টুকরো খাবারের জন্য মানুষও কুকুরের সাথে যুদ্ধ করেছে। জিয়াউর রহমান দেশকে সেই অবস্থা থেকে মুক্ত করেছিলেন।’
কৃষক দলের সভাপতি বলেন, ‘জামায়তে ইসলামী ক্ষমতায় যেতে না পেরে এখন হতাশা থেকে নানা আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে।’
তিনি বলেন, ‘ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বড় বড় প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। ইতোমধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করা হয়েছে। বিএনপির অঙ্গসংগঠনগুলোর মধ্যে কৃষক দল সবচেয়ে বেশি কাজ করেছে। গত দুই বছরে কৃষক দলের বিরুদ্ধে বড় ধরনের কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি।’
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া ও মামুনুর রশিদ খান এবং সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক ডা: শাহিন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হোসেন কামাল, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা থানা যুবদলের সাবেক সভাপতি মাসুদ প্রমুখ।
সম্মেলনে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান ও সুমন আহমেদকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন জেলা কৃষক দলের আহ্বায়ক ডা: শাহিন।



