কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মাদক সেবনের সময় তিনজনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
রোববার (৩ মে) আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক।
পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলমের নেতৃত্বে শনিবার রাতে একটি অভিযান পরিচালিত হয়। এ সময় উলিপুর মিনি স্টেডিয়াম এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় পৌরসভার দয়ালপাড়া এলাকার তৈয়বুর রহমানের ছেলে তাহসান তৌফিক তূর্য (২১) ও আলতাফ সরদারের ছেলে মান্নাফ সরদার (২৫)কে আটক করা হয়।
এসময় ইয়াবা সেবনের অভিযোগে থেতরাই ইউনিয়নের হারুনেফড়া এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৭)কে আটক করা হয়।
আটক ব্যক্তিদের ডাক্তারি পরীক্ষা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই দণ্ড প্রদান করেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আটক তাহসান তৌফিক তূর্যের বাবা সাংবাদিক তৈয়ুবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং এ সংক্রান্ত একটি মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন। এছাড়া স্থানীয় এক সাংবাদিককে মারধর করে চাঁদা নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।



