ডোমারে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের লিফলেট বিতরণ

ডোমার বাজারস্থ নিউ মার্কেট, কোচ স্ট্যান্ড, বনওয়ারী মোড়সহ বাসস্ট্যান্ড এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করে এনসিপির উত্তরাঞ্চলীয় সাংগঠনিক টিম।

Location :

Domar
সারজিস আলমের লিফলেট বিতরণ ও পথসভা
সারজিস আলমের লিফলেট বিতরণ ও পথসভা |নয়া দিগন্ত

ডোমার (নীলফামারী) সংবাদদাতা


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় লক্ষ্য, আদর্শ ও কর্মপরিকল্পনা প্রচারের জন্য নীলফামারীর ডোমার উপজেলায় উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল ১০টায় ডোমার বাজারস্থ নিউ মার্কেট, কোচ স্ট্যান্ড, বনওয়ারী মোড়সহ বাসস্ট্যান্ড এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করে এনসিপির উত্তরাঞ্চলীয় সাংগঠনিক টিম। এরপর বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সারজিস আলম।

পথসভায় সারজিস আলম বলেন, ‘যাদের নেতৃত্বে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে, তাদের সামনে রেখে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তরাঞ্চলে আমাদের সাংগঠনিক নতুন যাত্রা শুরু হলো নীলফামারী জেলার মধ্য দিয়ে। আমরা দেশের প্রতিটি উপজেলায় যেতে চাই, সেখানকার মানুষের কথা শুনতে চাই এবং সেই নিরিখে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

‘বাংলাদেশের বর্তমান রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। খুনি হাসিনা ফিরলে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্যই আসবে। নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে এমন অপ্রাসঙ্গিক কথা রাজনৈতিক দলগুলোর বলা উচিৎ না। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা কেউ সরাসরি কোনো দলের প্রতিনিধি না। অনেকেই দ্রুত নির্বাচন চায়। দ্রুত নির্বাচন হবে কিন্তু স্বচ্ছ ও সুষ্ঠু ভোট হবে না, তাহলে অভ্যুত্থান পরবর্তী সময়ে সেটি কলঙ্কে পরিণত হবে।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি এমপি-মন্ত্রীরা মনোনয়ন কিনে দলীয় প্রভাবে নির্বাচিত হতেন। জনগণের কথা চিন্তা না করে ওপর মহলকে তৈল মর্দন করতেন। মাত্র পাঁচ শ’ থেকে এক হাজার টাকার বিনিময়ে জনগণকে প্ররোচিত করে নির্বাচিত হবার পর বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে তারা জনগণের পকেট কেটে হাজার হাজার টাকা নিতেন। তরুণ প্রজন্মকে মার্কা বা দল না দেখে ভালো মানুষ নির্বাচিত করতে হবে। খারাপকে খারাপ না বললে তারা মাথায় উঠে যায়, সাহস বেড়ে যায়।’

তিনি আরো বলেন, ‘প্রশাসনের কেউ হলেই স্যার বলতে হবে বা টাকা ছাড়া কাজ হবে না, এই চর্চা থাকতে দেয়া যাবে না। হাজার মায়ের কোল খালি করা খুনির বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন চিন্তা না করে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। আমরা বাংলাদেশে খুনের বিচার দেখতে চাই। আমরা সিস্টেমের সংস্কার দেখতে চাই। বিগত আমলে দেখেছি দুদককে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়া হয়েছে। খুনি হাসিনা ও তার দোসররা অন্য দলের নেতাদেরকে খারাপ ভাষায় কথা বলতেন। এখন দেখছি কিছু সিনিয়র নেতারা একই ভাষায় কথা বলছেন। এমন কালচার চর্চা করা হলে জনগণ আপনাদের ছুড়ে ফেলবে। যোগ্য মানুষদের যোগ্য জায়গায় দেখতে চাই।’

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম-মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন, যুগ্ম-সদস্য সচিব রবিন হাসান প্রমুখ।

এনসিপি নেতারা জানান, উত্তরাঞ্চলে জাতীয় নাগরিক পার্টির আজকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা কার্যক্রম শুরু করল। এছাড়াও নীলফামারী জেলার ছয়টি উপজেলা ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, নীলফামারী সদরসহ সৈয়দপুর উপজেলায়ও তারা জনসংযোগ করবেন বলে তাদের সূত্র জানিয়েছে।