সাতক্ষীরার তালায় বাসের ধাক্কায় নাজমুল হাসান রানা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তালা ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল উপজেলার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে এবং পেশায় একজন এনজিও কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী লিটন ট্রাভেলসের একটি বাস তালা ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাজমুল গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসচালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



