বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
রংপুর বিভাগীয় সমাবেশ সামনে রেখে পঞ্চগড়ের বোদায় স্বাগত মিছিল করেছে উপজেলা ১১ দল। আগামী ১১ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠেয় ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ স্বাগত মিছিল আয়োজন করা হয়।
বুধবার (৮ জুলাই) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা জাহিদুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য ও বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: সফিউল্লাহ সুফী, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শিশির আসাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি তছলিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা আগামী ১১ জুলাই রংপুর বিভাগীয় সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটানোর জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
বক্তারা তাদের বক্তব্যে গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ভারতের পুশ ইন বন্ধ করা এবং জনগণের দৈনন্দিন দুর্ভোগ লাঘবের দাবি জানান।
স্বাগত মিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



