নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নেদারল্যান্ডসের আইএইচই ডেল্ফট ইনস্টিটিউট ফর ওয়াটার এডুকেশন পরিদর্শন করেছেন।
বুধবার (২৩ জুলাই) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার নেদারল্যান্ডস সফরকালে তিনি এ পরিদর্শন করেন।
আইএইচই ডেল্ফট জাতিসঙ্ঘের ইউনেস্কোর অধীনে পরিচালিত বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক স্নাতকোত্তর পর্যায়ের পানি বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। পরিদর্শনকালে নোবিপ্রবি ভিসির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আইএইচই ডেল্ফটের কর্মকর্তাদের সাথে এক ফলপ্রসূ বৈঠকে মিলিত হন, যেখানে ভবিষ্যতে যৌথ গবেষণা ও একাডেমিক বিনিময় কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ভিসির সাথে ছিলেন নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মোহিনুজ্জামান এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার মু: আরিফুর রহমান।
বৈঠকে আইএইচই ডেল্ফট ইনস্টিটিউট ফর ওয়াটার এডুকেশনের কোস্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পোর্ট ডেভেলপমেন্টের সহযোগী অধ্যাপক আলি দস্তুগির, হাইড্রো ইনফরমেটিক অ্যান্ড সোশিও-টেকনিক্যাল ইনোভেশন ডিপার্টমেন্টের প্রধান বিশ্বাস ভট্টাচার্য, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিসির সিনিয়র লেকচারার জিপ ইভার্স, ওয়াটার পলিসি এনালাইসিস বিভাগের সহযোগী অধ্যাপক লিওন হারমান্স এবং পার্টনারশিপ অ্যান্ড কন্ট্রাকট ম্যানেজার মিতা কুশমানিয়ানগ্রুম উপস্থিত ছিলেন।
দ্বিপক্ষীয় বৈঠকে নোবিপ্রবি ভিসি মাস্টার্সের যেসব শিক্ষার্থী রয়েছে তাদের থিউরিটিক্যাল কোর্সগুলো আইএইচই ডেল্ফটে করার বিষয়ে তার মতামত তুলে ধরেন। তিনি নোবিপ্রবি শিক্ষার্থীদের মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ করে দেয়া যায় কিনা সে বিষয়েও আলোকপাত করেন।
স্টাফ মোবিলিটির ইরাসমাস প্রোগ্রামের আওতায় আমাদের স্টাফরা যেনো সেখানে যেতে পারেন সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। সভায় ভিসি নোবিপ্রবি এবং আইএইচই ডেল্ফটে মধ্যে যৌথ রিসার্চের যে সুযোগগুলো রয়েছে তা কাজে লাগানোর এবং শিক্ষকদের প্রশিক্ষণের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোকপাত করেন। এ ছাড়াও নোবিপ্রবি ভিবি আইএইচই ডেল্ফটের শিক্ষকদের নোবিপ্রবিতে আসার আমন্ত্রণ জানান।
ফলপ্রসু আলোচনায় উভয় প্রতিষ্ঠানই পানিবিজ্ঞান, শিক্ষা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতার আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতে কোলাবরেশনের ক্ষেত্রে একযোগে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।



