প্রধানমন্ত্রীর কাছে হাদির পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

হাদি হত্যার বিচারের ব্যাপারে সর্বাত্মক সহায়তা কামনা করেন এবং শহীদ ওসমান বিন হাদির পরিবারের সকল সদস্যদের সর্ব প্রকার নিরাপত্তার দাবি জানান শরীফ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি।

Location :

Jhalokati
নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ওসমান হাদির বোন মাসুমা
নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ওসমান হাদির বোন মাসুমা |নয়া দিগন্ত

ঝালকাঠি প্রতিনিধি

হাদি হত্যার বিচারের ব্যাপারে সর্বাত্মক সহায়তা কামনা করেন এবং শহীদ ওসমান বিন হাদির পরিবারের সকল সদস্যদের সর্ব প্রকার নিরাপত্তার দাবি জানান শরীফ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি।

ঝালকাঠির নলছিটিতে সোমবার (৯ মার্চ) সকালে নলছিটি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আপনারা অবগত আছেন যে, আমার ছোট ভাই, ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি গত ১২/১২/২০২৫ ইং তারিখ দুপুর ২:২০ মিনিটে বিজয় নগর কালভার্ট রোডে জুমার নামাজ শেষে রিকশা যোগে নির্দিষ্ট গন্তব্যে যাবার পথে ঘাতকদের দ্বারা মাথায় গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর রাত ৯:১৫ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন।

অত্যন্ত দুঃখের বিষয় হলো ডিসেম্বরের ১২ তারিখ আমার ভাই গুলিবিদ্ধ হন, আজ ৮৭ দিন পার হলেও আজ অব্দি সরকারের তদন্তকারী সংস্থা আদালতে গ্রহণযোগ্য চার্জশিট দিতে ব্যর্থ হয়েছেন।

আরো আশ্চর্য বিষয় হলো গত ১২ ডিসেম্বর ২০২৫ দুপুর ২:২০ মিনিটে শহীদ শরিফ ওসমান বিন হাদিকে শুটার ফয়সাল ও সহযোগী আলমগীর প্রকাশ্য দিবালোকে গুলি করে কিভাবে ভারতে পালিয়ে যায়। তা রহস্যজনকভাবে আজ পর্যন্ত অস্পষ্ট।

আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে, গতকাল ০৮/০৩/২০২৬ ইং তারিখ শুটার ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর ভারতে গ্রেফতার হয়েছেন।

সরকারের কাছে আমার দাবি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে, বন্দি বিনিময় চুক্তি রয়েছে তার মাধ্যমে অতি দ্রুত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনের মাধ্যমে এই হত্যার পেছনে নির্দেশদাতা, অর্থের যোগানদাতা, শুটারকে ভারতে পালিয়ে যেতে সহায়তা কারীসহ সকল দোষীদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে। শুটার ফয়সাল করিম এবং সহযোগী আলমগীরসহ ঘটনার সাথে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করতে হবে।

সরকারের কাছে আমার জোর দাবি জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কার্য সম্পন্ন করে চার্জশিট দাখিল করতে হবে।

আরো উল্লেখ্য থাকে যে, পুনরায় যদি কোনো দায়সাড়া চার্জশিট দেয়ার অপচেষ্টা করা হয়। তবে তা পরিবার এবং বাংলাদেশপন্থী জনগণ প্রত্যাখ্যান করবে।

বিচার কার্য নিয়ে যদি কোনো ধরনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশপন্থী ওসমান প্রিয় সকল শ্রেণী পেশার জনগণকে সাথে নিয়ে সময় উপযোগী যেকোন কর্মসূচির মাধ্যমে তা রুখে দেয়া হবে, ইনশাআল্লাহ

সর্বশেষে আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিনীতভাবে বলতে চাই, ভাই হারানোর যে যন্ত্রনা সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারেন। কারণ, আমাদের মতো আপনিও ভাই হারানোর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- শরীফ ওসমান বিন হাদির বোনের জামাই মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা, মুফতি হানযালা নোমানী, স্বেচ্ছাসেবক শাহাদাত আলম ফকির, সাথি আক্তার প্রমুখ।