রামগড়ে ফার্মেসির সামনে থেকে ২ লাখ ১০ হাজার টাকা চুরি, গ্রেফতার ৩

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ফার্মেসির সামনে রাখা ২ লাখ ১০ হাজার টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Ramgarh
রামগড়ে ফার্মেসির সামনে থেকে ২ লাখ ১০ হাজার টাকা চুরি, গ্রেফতার ৩
রামগড়ে ফার্মেসির সামনে থেকে ২ লাখ ১০ হাজার টাকা চুরি, গ্রেফতার ৩ |নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ফার্মেসির সামনে রাখা ২ লাখ ১০ হাজার টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া পুরো টাকাই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ মার্চ) বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাইপুল বাজারে এ ঘটনা ঘটে।

জুমার নামাজ শেষে ভুক্তভোগী মো: নুরুন নবী (৩৫) স্থানীয় একটি ফার্মেসির সামনে টেবিলে ২ লাখ ১০ হাজার টাকা রাখেন। এ সময় ওষুধ কেনার কথা বলে আসা কয়েকজন ব্যক্তি কৌশলে টাকাগুলো চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর বাজারের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের শনাক্ত করেন ভুক্তভোগী। পরে পুলিশকে জানালে অভিযান চালিয়ে আজ শনিবার (২১ মার্চ) প্রধান অভিযুক্ত মো: ওমর ফারুক (২৮) ও আলী আকবর (২৭) কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পুলিশ জানায়, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে চুরির টাকা নিজেদের মধ্যে ভাগ করে রাখেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আলী আকবরের স্ত্রী বিবি হাজেরার (২৮) কাছ থেকেও চুরির একটি অংশ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার তিনজনের কাছ থেকে মোট ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ওমর ফারুকের কাছ থেকে ১ লাখ, আলী আকবরের কাছ থেকে ৬০ হাজার এবং বিবি হাজেরার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

রামগড় থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তিনি আরো জানান ,ঘটনায় আরো কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।