ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন নামে এক শহীদের বাবা, জসিম ও শাহাদাৎসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শাহীনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সাভার থানা রোডের তারাপুর মাঠে থানা বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুরুর আগে এ ঘটনা ঘটে।
ঘটনার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, এ ঘটনার দায় থেকে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য এড়াতে পারেন না। তিনি আরো অভিযোগ করেন, রাত ৯টা ২৫ মিনিটে পথসভাস্থলে প্রবেশের সাথে সাথে বিদ্যুৎ চলে যায়, যা তিনি সমালোচনা করেন।
ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে এনসিপির নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে নাহিদ ইসলামের নেতৃত্বে সদস্য সচিব আক্তার হোসেন এমপি, সারজিস আলমসহ ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সাভার মডেল থানায় গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
রাত সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়, এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
পুলিশের সাথে বৈঠক শেষে নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।


