চৌগাছায় বিনা টেন্ডারেই করা হচ্ছে প্রকল্পের কাজ

কোনো টেন্ডার আহ্বান না করে গোপনে পছন্দের ঠিকাদারকে ১২ লাখ টাকার প্রকল্পের কাজটি দেয়ার অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
টেন্ডার আহ্বান না করে প্রকল্পের কাজ
টেন্ডার আহ্বান না করে প্রকল্পের কাজ |নয়া দিগন্ত

যশোরের চৌগাছা পৌরসভায় টেন্ডার বা কোটেশন প্রক্রিয়া অনুসরণ না করে নির্মাণ করা হচ্ছে পৌর গোডাউন। কোনো টেন্ডার আহ্বান না করে গোপনে পছন্দের ঠিকাদারকে ১২ লাখ টাকার এ প্রকল্পের কাজটি দেয়ার অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। বদরুল আমিন এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছেন বলে একটি সূত্র জানায়।

স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ অনৈতিক সুবিধা নিতে গোপনে পছন্দের ঠিকাদারকে কাজটি দেয়া হয়েছে। টেন্ডার বা কোটেশন প্রক্রিয়া না করে আলোচিত প্রকল্পটি (পৌরসভার গোডাউন) করা হচ্ছে।

জানা গেছে, পৌরসভায় উন্নয়নমূলক কাজ করতে স্থানীয় ও জাতীয় পত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি এবং পৌরসভার নোটিশ বোর্ডে কোটেশন প্রদর্শন করে ঠিকাদার আহ্বান করার নিয়ম রয়েছে। পরে বিধি অনুসরণ করে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়। কিন্তু চৌগাছা পৌরসভার প্রায় ১২ লাখ টাকার ‘পৌরসভার গোডাউন’ প্রকল্পে এ নিয়মনীতি অনুসরণ হয়নি। পত্রিকায় কোনো বিজ্ঞপ্তি বা পৌরসভার নোটিশ বোর্ডে কোনো কোটেশন আহ্বান করা হয়নি।

চৌগাছা পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম রুহুল আমিন বলেন, ‘সরকারি সব আইন মেনে এ প্রকল্পের কাজটা কোটেশনের মাধ্যমে বদরুল আমিন এন্টার প্রাইজকে দেয়া হয়েছে।’

তবে টেন্ডার আহ্বান বিজ্ঞাপন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটা তিনি বলতে পারেননি।

ঠিকাদার বদরুল আমিন বলেন, ‘আমি সব কিছু মেনে টেন্ডারের মাধ্যমে কাজ করছি।’

তবে তিনি সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন প্রকল্পের কোনো তথ্য দিতে পারেননি।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা ইসলাম বলেন, ‘এ প্রকল্পের কোনো বিষয় আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’