বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, লালমোহন-তজুমদ্দিনসহ সারা দেশে বিএনপি ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশে একটি জনপ্রিয় দল। ধানের শীষে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। বিএনপি ক্ষমতায় এলে আমরা একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলব, যেখানে নারী-পুরুষ সবাই মিলেমিশে বসবাস করবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বাজারে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ আরো বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শেখ হাসিনা ও তার দল জাতির পিতাকে অপমান করেছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা বা ফুলকপি প্রতীকে ভোট দিলে এবং তারা জয়ী হলে দেশে মধ্যযুগীয় শাসনব্যবস্থা কায়েম করবে। জামায়াতে ইসলামী নারীদের ঘরের বাইরে আসতে দেবে না এবং দেশকে আফগানিস্তান বানাবে। বর্তমানে নারীরা বিভিন্ন সেক্টরে তাদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। তারা বিমান চালাচ্ছে, দেশ পরিচালনা করছে, বিচারক হচ্ছে—সব ক্ষেত্রে নারীদের অবদান স্পষ্ট। জামায়াত ক্ষমতায় এলে নারীদের ঘরে বন্দি রেখে আসবাবপত্রের মতো ব্যবহার করা হবে। এ কারণে তিনি সকল নারীর প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বদরপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির সভাপতি শহিদুল্লাহ মেলকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



