দৈনিক নয়া দিগন্তের ঈশ্বরগঞ্জ সংবাদদাতা আব্দুল আউয়াল গাজীপুরের টঙ্গীতে অপহরণের শিকার হয়েছেন। ১৭ মার্চ রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে টঙ্গীর আশরাফ সেতু মার্কেটের সামনে থেকে তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয় দুর্বৃত্তরা।
ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, ঘটনার সময় তিনি তার গার্মেন্টস ব্যবসার জন্য কেনাকাটা শেষে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন। এ সময় ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি তাকে ঘিরে ধরে এবং ভয়ভীতি দেখিয়ে সিএনজিতে তুলে নেয়। অপহরণের পর চলন্ত অবস্থায় তাকে মারধর করা হয় এবং মাথার বাম পাশে আঘাত করা হয়।
দুর্বৃত্তরা তার কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের শার্টের গাইড, নগদ ৪০ হাজার টাকা এবং আনুমানিক ৩২ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন তিনি। এতে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাখ টাকার বেশি।
ঘটনার প্রায় দুই ঘণ্টা পর রাত আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরদিন স্থানীয় এক ব্যক্তির সহায়তায় তিনি বাড়ি ফিরতে সক্ষম হন।
বর্তমানে আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অপহরণ ও ছিনতাইয়ের এমন ঘটনায় টঙ্গী এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



