কয়রায় মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক জনাব মো: আশরাফ হোসেন।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Koyra
অভিবাসন বিষয়ক সেমিনার
অভিবাসন বিষয়ক সেমিনার |নয়া দিগন্ত

খুলনার কয়রা উপজেলায় অনগ্রসর জনগোষ্ঠীর মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ ২০২৬) সকাল ১০টায় খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজ মিলনায়তনে ‘প্রশিক্ষিত সৌদি আরব ও জাপান’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) জনাব মো: আশরাফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমানে সৌদি আরবের স্কিলড ভেরিফিকেশন প্রোগ্রামের আওতায় দেশের ২৬টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৭৮টি পেশায় প্রতি মাসে প্রায় ৬০ হাজার জনশক্তির দক্ষতা যাচাই পরীক্ষার সক্ষমতা তৈরি হয়েছে। এছাড়া ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ) অনুমোদিত এক হাজার ৭৬৯টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তির একটি সমৃদ্ধ তথ্যভাণ্ডার গড়ে তোলা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণে মালয়েশিয়ার সিআইডিবি, ইতালির আইএলও ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম, জাপানের ইন্টারন্যাশনাল মাইগ্রেশন ফর জাপান এবং হংকংয়ের ক্যান্টনিজ ভাষা কোর্স চালু রয়েছে। গত ১০ বছরে ৭৫ লাখ ৮৯ হাজার ৪৩০ জন বিদেশে গমন করেছেন, যার প্রায় ৫৪ শতাংশ অদক্ষ কর্মী। এ সময়ে দেশে ১৮৩ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে গমনকারীদের মধ্যে পুরুষের হার ৭৭ শতাংশ এবং নারীর হার উল্লেখযোগ্য হলেও অধিকাংশই আরবি ভাষায় অদক্ষ। ভাষা দক্ষতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করলে উন্নত চাকরি, বেশি বেতন এবং আত্মমর্যাদা অর্জনের সুযোগ বৃদ্ধি পায়।’

বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের ভাষা, সংস্কৃতি ও কাজের ধরন সম্পর্কে ধারণা রাখা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো প্রকার কর্মসংস্থান চুক্তি (এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট) ছাড়া বিদেশে যাওয়া উচিত নয়। দক্ষতা ছাড়া বিদেশগমন ঝুঁকিপূর্ণ এবং সম্পদ বিক্রি করে অনিশ্চিতভাবে বিদেশে যাওয়া থেকেও বিরত থাকতে হবে।’

সৌদি আরব ও জাপানে নিরাপদ অভিবাসনের জন্য আরবি ও জাপানি ভাষায় দক্ষতা এবং অন্তত একটি কারিগরি বিষয়ে পারদর্শিতা অর্জনের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এর মাধ্যমে কয়রার অনগ্রসর জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করা সম্ভব। একই সাথে টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষার মান উন্নয়নে তাগিদ দিয়েছেন। বিদেশ গমনেচ্ছুদের সঠিক তথ্য ও দক্ষতা বৃদ্ধিতে বিএমইটির ভূমিকা তুলে ধরেছেন।’

খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ওয়াসিউজ্জামান চৌধুরী, কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী এবং কয়রা থানার অফিসার ইনচার্জ মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, খান সাহেব কোমর উদ্দিন কলেজর সভাপতি খান মোহাম্মদ হেলালী ও মেজর (অব:) খান আহম্মেদ ফয়সাল।

এছাড়া কয়রা উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়,কলেজ ও মাদরাসার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।