রাজবাড়ীর পদ্মানদী পয়েন্টে জেলের জালে ৩৫ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি মহাবিপন্ন বাঘাইর মাছ ধরা পড়েছে।
রোববার (২৪ মে) সকালে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় স্থানীয় জেলে খলিল মন্ডলের জালে মাছটি ধরা পড়ে। পরে রেজাউল মন্ডলের আড়তে প্রকাশ্যে বিক্রির জন্য তোলা হয়।
নিলাম থেকে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো: শাহজাহান শেখ এক হাজার ৪৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৯১০ টাকায় মাছটি কিনে নেন।
জানা গেছে, মাছ ব্যবসায়ী সাজাহান মাছটি দুই হাজার টাকা কেজি দরে বিক্রির জন্য ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বিক্রির চেষ্টা করছেন।
জেলা মৎস্য অফিসার মো: মাহবুব উল হক বলেন, ‘বন্য প্রাণি সংরক্ষণ আইনে বাঘাইর শিকার ও বিক্রি দন্ডনীয় অপরাধ। উপজেলা প্রশাসন ও বন বিভাগ বিষয়টি নিয়ে কাজ করেন। তবে বিভিন্ন সভা-সেমিনারে আমরা বাঘাইর মাছ ধরা ও বিক্রি বন্ধে আইনের বিষয়টি জেলেদের বলে থাকি। কিন্তু মৎস্য বিভাগের ওইসব বিপন্ন মাছ শিকারি ও ক্রেতাকে আইনের আওতায় এনে শস্তি দেবার বিধান না থাকায় কিছুই করা যাচ্ছে না।’
তিনি জানান, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকা অনুযায়ী, বাঘাইর মহাবিপন্ন প্রাণি। বন্যপ্রাণি সংরক্ষণ আইন অনুযায়ী, বাঘাইর শিকার, ধরা ও বিক্রি দন্ডনীয় অপরাধ।
দৌলতদিয়া ফেরিঘাটের জেলে খলিল মন্ডল বলেন, ‘রোববার ভোরে কারেন্ট জালে দৌলতদিয়া ইউনিয়নের পদ্মানদীতে মাছটি পেয়েছি। ৫১ হাজার টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।’



