জাল ফুয়েল কার্ডে তেল নেয়ার চেষ্টা, ২ যুবককে জরিমানা

Location :

Madarganj

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে জাল ফুয়েল কার্ড দিয়ে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেয়ার চেষ্টার অভিযোগে দুই যুবককে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তুহিন মৌসুমী ফিলিং স্টেশনে এ জরিমানা আদায় করে।

প্রত্যক্ষদর্শী ও ফিলিং স্টেশন কর্মীদের সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে জাল ফুয়েল কার্ড নিয়ে ফয়সাল আহমেদ নামে এক যুবক তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে তেল নিতে যান। কার্ডটি দেখে সেখানে দায়িত্বরত কর্মীর সন্দেহ হলে তিনি যাচাই-বাছাই শুরু করেন। যাচাইকালে কার্ডে থাকা ইউএনওর স্বাক্ষরটি জাল বলে প্রমাণিত হলে তাকে আটক করে সেখানে কর্তব্যরত পুলিশ। এর কিছুক্ষণ পর মোটরসাইকেলের মালিক ওয়াসিম উদ্দিন ঘটনাস্থলে এলে পুলিশ তাকেও আটক করে।

খবর পেয়ে ইউএনও সুমন চৌধুরী সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সড়ক পরিবহণ আইন ২০১৮-এর ৯২ ধারায় মোটরসাইকেল মালিক ওয়াসিম উদ্দিনকে নয় হাজার ৫০০ টাকা এবং ৬৬ ধারায় ফয়সাল আহমেদকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে তাদের তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে তারা মুক্তি পান।

দণ্ডিত ফয়সাল আহমেদ মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে, ওয়াসিম উদ্দিন মেলান্দহ উপজেলার উত্তর বালুর চর এলাকার বাসিন্দা।

ইউএনও সুমন চৌধুরী জানান, ফুয়েল কার্ডে জাল স্বাক্ষর ব্যবহার করে জ্বালানি সংগ্রহের চেষ্টা একটি দণ্ডনীয় অপরাধ। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।