নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ও জুলাই গণরায় কার্যকরের দাবিতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ১১ দলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়। এতে ১১ দলের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
গণমিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আতিকুল ইসলাম রাসেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম।
সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান মাহতাবি, শহর আমির রাশেদুল ইসলাম রাশেদ, সদর আমির মীর নুরুন্নবী, এনসিপির কেন্দ্রীয় যুব সংগঠক ইফতেখার শাওন ও ছাত্রশিবিরের জেলা সভাপতি জাহিদ হোসেন রনি প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ড ও গণহত্যার সাথে জড়িতদের সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয়ের কারণে আইনের ঊর্ধ্বে থাকতে না পারে।
তারা অভিযোগ করেন, সরকার গঠনের ছয়মাস পার হলেও জুলাই গণরায় বাস্তবায়নে সরকার বিলম্ব করছে এবং বিভিন্ন টালবাহানা করছে।
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার পাশাপাশি দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।



