সৌদি আরবে বুলডোজার দুর্ঘটনায় সাতকানিয়ার প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের মদিনা শহরে বুলডোজার দুর্ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়ার এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

মনজুর আলম, সাতকানিয়া (চট্টগ্রাম)

Location :

Satkania
সৌদি প্রবাসী নিহত আহমদ হোসেন (৫৮)
সৌদি প্রবাসী নিহত আহমদ হোসেন (৫৮) |নয়া দিগন্ত

সৌদি আরবের মদিনা শহরে বুলডোজার দুর্ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়ার এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত ২টার দিকে (সৌদি আরব সময়) এবং সোমবার (৬ এপ্রিল) ভোর ৫টা (বাংলাদেশ সময়) এ ঘটনা ঘটে।

নিহত আহমদ হোসেন (৫৮) উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের আছারতলী গ্রামের বাসিন্দা। মদিনার চানাইয়া এলাকায় কর্মরত অবস্থায় তিনি দুর্ঘটনার শিকার হন।

পরিবার ও প্রবাসী সূত্রে জানা যায়, গত রোববার রাত ২টার দিকে আহমদ হোসেন প্রতিদিনের মতোই নিজ কর্মস্থলে যান। তিনি সেখানে বুলডোজার চালক হিসেবে কাজ করতেন। কাজের একপর্যায়ে তার ব্যবহৃত বুলডোজারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সেটি মেরামতের সময় হঠাৎ বুলডোজারের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

এ সময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিউদ্দীন জানান, আহমদ হোসেন দীর্ঘদিন ধরে সৌদি আরবে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত রোববার রাতে নিজ কর্মস্থলে বুলডোজার দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।