চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা স্টেশনের পূর্বে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে ট্রেনের কর্মচারী ছাবের আহমদ (৫২) আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার থেকে ঢাকা গামী পর্যটন এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
আহত ছাবের ট্রেনের বেডিং পোর্টার পদে কর্মরত এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
ডুলাহাজারা স্টেশন রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা জানায়, ট্রেনটি চকরিয়া স্টেশনে পৌঁছার আগে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। আহত ছাবের আহমদকে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গুরুতর অবস্থার কারণে পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডুলাহাজারা স্টেশন মাস্টার মোহাম্মদ মোস্তফা নিশ্চিত করে বলেন, ‘ছাবের আহমদকে মাথায় প্রায় ১০টি সেলাই দিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।’



