ঝিনাইদহের কালীগঞ্জের নায়েব আলী হত্যা মামলার আসামি আল আমিনকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো: মাসুদ আলী আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৮ মে মালিয়াট গ্রামের আবদুল মোল্লার ছেলে নায়েব আলী নিজ জমিতে কৃষিকাজ শেষ করে স্থানীয় জামিরুলের দোকানে পানি পান করতে যান। ওই সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে অতর্কিত হামলা চালায় এবং পিটিয়ে হত্যা করে। ঘটনার দিন নিহতের ছেলে বিল্লাল হোসেন তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত প্রধান আসামি আল আমিনকে গ্রেফতার করলে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরবর্তীতে মামলা দায়েরের মাত্র তিন মাস পর, ২০২৫ সালের ১৮ আগস্ট কালীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম আক্তার বাবা-ছেলেকে দায়ী করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামির তালিকা থেকে বাদ পড়েন রাশিদা বেগম।
দীর্ঘ শুনানি ও মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত এই রায় প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম মশিউর রহমান এবং বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আকিদুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আবু তালেব ও অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম।



