গাজীপুরের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে ১০ পতিতাসহ ১৩ জনকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় তাদেরকে মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়।
জিএমপি’র বাসন থানার ওসি মো: শাহীন খান জানান, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন গোপন খবর পেয়ে পুলিশ শনিবার সন্ধ্যায় ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ পতিতাসহ ১৩ জনকে আটক করে। এ সময় পুলিশের অভিযানের খবর পেয়ে হোটেল কর্মচারীরা পালিয়ে যান।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে রোববার আদালতে পাঠানো হবে। হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল।



