নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের আগুন, জ্বলছে পুরো ভবন

দাউ দাউ করে জ্বলছে ভবন

ফায়ার সার্ভিসের ১৫টির সাথে নৌবাহিনীর পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে। সবমিলিয়ে এখন ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chattogram
সিইপিজেডে আগুন
সিইপিজেডে আগুন |বাসস

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিই জ্বলছে। থেমে থেমে কারখানাটির ভেতরে ছোট আকারে বিস্ফোরণ হচ্ছে। আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে এক পাশে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা। এর মধ্যে আগুন পাশের একটি তিনতলা ভবনেও ছড়িয়েছে।

রাত ৯টার দিকের তথ্য অনুযায়ী, আগুন দাউ দাউ করে জ্বলছিল। তাপের তীব্রতায় ভবনের ছাদ ধসে পড়ছিল। এই ভবন থেকে আগুনের ফুলকি চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা আশপাশের ভবনে পানি ছিটিয়ে এ আগুন ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা করেন।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে ওই এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিক্যাল কোম্পানির গুদামে আগুন লাগে। অ্যাডামস তোয়ালে, ক্যাপ এবং জিহং মেডিক্যাল সার্জিক্যাল গাউন তৈরির কারখানা। কারখানা ভবনটি সাততলার। দুটি কারখানার গুদামই সাততলায়, যেখান থেকে আগুনের সূত্রপাত হয়।

সিইপিজেড কর্তৃপক্ষ ও কারখানার মালিকপক্ষ জানিয়েছে, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই। সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

এ অবস্থায় ফায়ার সার্ভিসের ১৫টির সাথে নৌবাহিনীর পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে। সবমিলিয়ে এখন ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাততলা ভবনটির ওপরের তলাটি কারখানার গুদাম হিসেবে ব্যবহৃত হত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

সেখানে সুতা ও কাপড় জাতীয় জিনিসপত্র থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।