নীলফামারীর কিশোরগঞ্জে সুশীল গীর হত্যা মামলার চার আসামিকে পৃথক স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া চারজন হলেন— উপজেলার বাহাগিলী ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী ববিতা রানী রায় (৪২), পরলোকগত তারুনী রায়ের ছেলে শ্যামল চন্দ্র রায় (৪৫), শ্যামল চন্দ্র রায়ের ছেলে আকাশ চন্দ্র রায় (২২) ও পরলোকগত হরেন গিরের ছেলে বিকাশ ওরফে আনোয়ার গীর (৪৫)।
পুলিশ সূত্র মতে, রোববার (১৬ আগস্ট) পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন সুশীল গীর ওরফে শিয়াল গীর (৬০)। পরে একইদিন বিকেল ৩টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই দিনই কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে আসামিরা বিভিন্ন স্থানে আত্মগোপন করেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাশ ওরফে আনোয়ার গীরকে নীলফামারী থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার গাজীপুর থেকে অপর তিন আসামিকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর গফুর জানান, সুশীল গীর হত্যার দিন থেকে গ্রেফতার আসামিরা পালিয়ে ছিল। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।



