নাটোরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় বহিষ্কার ছাত্রদলের ৩ কর্মী

সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রদলের তিন কর্মী জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

নাটোর প্রতিনিধি
লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল কর্মীরা
সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল কর্মীরা |নয়া দিগন্ত

নাটোরের লালপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর নিয়োগে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেনস লালপুর উপজেলা ছাত্রদলের কর্মী শফিকুল ইসলাম শফি, জাহিদ হোসেন ও মামুন আলী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও ইউএনও কার্যালয় ঘেরাও কর্মসূচি চলছিল। এ সময় এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল হৃদয় ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি রাশেদুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় শফিকুল ইসলাম শফি, জাহিদ হোসেন ও মামুন আলীর জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।

লালপুর উপজেলা ছাত্রদলের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড ছাত্রদল কখনোই মেনে নেবে না। সংগঠনের সব নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।

লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান নয়া দিগন্তকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপজেলায় কোনো কমিটি না থাকায় বহিষ্কৃতদের কোনো পদ-পদবীতে নাই। ফলে তারা সাধারণ কর্মী বা সমর্থক ।’

এর আগে, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গত ১২ আগস্ট লালপুরে বিক্ষোভ ও ইউএনও কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে সাংবাদিকদের ওপর লাঞ্ছনার অভিযোগ ওঠে। ঘটনার পর সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ও সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দেয়।